সাতকানিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার ১ 

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৌশিক বড়ুয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা ও ধর্ষিতার স্বজনরা। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গত রবিবার রাতে ছাত্রীটির মা বাদি হয়ে ধর্ষক কৌশিককে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলার এজাহার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ এপ্রিল) বিকালে ধর্ষিতা ছাত্রীর বাবা নিজ ঘরে অসুস্থ হয়ে পড়লে তার মা বাবাকে নিয়ে উপজেলাধীন কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ছাত্রীটি ঘরে একা থাকার খবর পেয়ে ঢেমশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বড়ুয়া পাড়ার অভয় বড়ুয়ার ছেলে কৌশিক বড়ুয়া রাত ১১টার দিকে একই পাড়ায় ছাত্রীটির ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ছাত্রীটির পার্শ্ববর্তী জেঠাতো ভাই ও পাড়ার লোকজন বিষয়টি জানতে পেরে ঘরে প্রবেশ করে কৌশিককে আটক করে পুলিশে সোপর্দ করেন। এজাহার থেকে আরও জানা যায়, বিগত দেড় বছর আগে ছাত্রীটি স্কুলে যাওয়া আসার পথে কৌশিক ছাত্রীটিকে প্রেমের প্রস্তাব দিলে প্রথমে রাজী না হলেও পরে মানসম্মানের কথা চিন্তা করে ও বিভিন্ন ভয়ভীতি দেখালে ছাত্রীটি কৌশিকের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। ছাত্রীটির পরিবার এ সম্পর্ক থেকে সরে যেতে বললেও তা না শুনে বিয়েসহ নানা প্রলোভন দেখিয়ে ছাত্রীটির সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয় কৌশিক। 

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গত রবিবার রাতে স্কুল ছাত্রীটির মায়ের দায়েরকৃত মামলায় ধর্ষককে গ্রেফতার করে সোমবার (২৬ এপ্রিল) আদালতে সোপর্দ ও ছাত্রীটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চমেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমএএম