ফুলবাড়ীতে তিনটি পদে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন

ফুলবাড়ীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচন করা হয়েছে। গত সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের  নেতা-কর্মীরা ভোট দিয়ে এই তিন প্রার্থীকে নির্বাচন করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮৯ জন। ভোট প্রদান করেছেন ১৭৬জন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে এ সময় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ১০৮ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন।

৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে (পুরুষ) ভাইস চেয়ারম্যান পদে ৫১ ভোট পেয়ে দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুল লতিফ। অন্যদিকে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৬৫ ভোট পেয়ে ফুলবাড়ী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আর্জিনা খাতুন আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার বলেন, আগামী দিনে দলীয় নেতা-কর্মীদের সাথে একসঙ্গে কাজ করার লক্ষ্যে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের উপস্থিতিতে গণতান্ত্রিক পন্থায় দলীয় প্রার্থী নির্বাচন সম্পন্ন করা হয়েছে।