ভারতে পাচারকালে দুই কেজি তিনশ’ গ্রাম স্বর্ণ জব্দ

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে মঙ্গলবার ভোররাতে ২ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। তবে এ সময় বিজিবি কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন জানান, ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির সুবেদার ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের কুঠিবাড়ি বাঁশবাগান এলাকায় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখানে একটি স্বর্ণের প্যাকেট ফেলে রেখে পালিয়ে যায়। এরপর সেখান থেকে স্বর্ণের প্যাকেটটি জব্দ করা হয়। পরে এর ভেতর থেকে উদ্ধার করা হয় ১৮ পিস স্বর্ণের বার। যার ওজন ২ কেজি ৩৩৪ গ্রাম।