মোশাররফ করিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কমলা রকেট’। এরপর আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি এই অভিনেতা। নতুন খবর হলো ‘রঙিন ফানুস’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলচ্চিত্রটি পরিচালনা করবেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন।
নতুন এই চলচ্চিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, ‘মৌলিক গল্পের সিনেমা এটি। তাই চুক্তিবদ্ধ হয়েছি। চরিত্রটিও আমার বেশ পছন্দ হয়েছে। এ রকম চরিত্রে এর আগে অভিনয় করিনি আমি।’ তবে নতুন এই ছবিতে আর কে অভিনয় করবেন সেটা এখনো জানা যায়নি।
চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা সুমন বলেন, ‘এই চলচ্চিত্রটি চমক ভরা। এরমধ্যে বিশেষ চমক হচ্ছে মোশাররফ করিম। তিনি যেকোনো চরিত্র সাবলীলভাবে ফুটিয়ে তোলেন তিনি। চলচ্চিত্রটিও একদম মৌলিক গল্পে নির্মিত হবে। এখন আর দর্শক নকল গল্পের ছবি দেখতে চায় না। ইউটিউবের মাধ্যমে সবাই সব দেশের ছবি আগেই দেখে ফেলে। আমার এই ছবির গল্প একেবারে মৌলিক। এর আগে গত ঈদুল আজহায় আমি নির্মাণ করেছিলাম শাকিব খানকে নিয়ে ক্যাপ্টেন খান। সুন্দর নির্মাণ নিয়ে সবাই প্রশংসা করলেও আমরা যতটা আশা করেছিলাম ততটা ব্যবসা করতে পারেনি ছবিটি। কারণ ছবিটি নকল গল্পের। তবে এই ছবি দিয়ে আমি দেখাতে পেরেছি কত কম বাজেটে আমরা সুন্দর ছবি নির্মাণ করতে পারি।’ ছবিটির চিত্রনাট্য লিখছেন ফেরারী ফরহাদ। এ বছরের মার্চেই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।