স্ত্রীর লাথিতে স্বামীর মৃত্যু

টাঙ্গাইলের সখিপুরে স্বামীর অণ্ডকোষে স্ত্রীর আঘাতে স্বামী কিতাব আলী (৪০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার ইছাদিঘী গ্রামে। নিহত কিতাব আলী ভাঙারির ব্যবসা করতেন। এ ঘটনায় স্ত্রী হামিদা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। 

গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ বলেন, স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং একজন অপরজনকে মারতে থাকে। এক পর্যায়ে স্ত্রী হামিদা স্বামী কিতাব আলীর অণ্ডকোষে লাথি মারেন। এ সময় কিতাব আলী মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা গুরুতর আহত কিতাব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবির জানান, লাশের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে। নিহত কিতাব আলীর মেয়ে লাবনী আক্তার বাদি হয়ে মঙ্গলবার থানায় হত্যা মামলা করেছে। অভিযুক্ত স্ত্রী হামিদা আক্তারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমএএম