মাদারীপুরে কথিত পরকীয়ার অভিযোগ তুলে গ্রাম্য সালিশ বৈঠকে ধর্ম ভাই-বোনকে ১০০ জুতাপেটা করেছে প্রভাবশালী একটি মহল। তাদের জুতার মালা পরিয়ে এলাকা ঘোরানো হয়। পরে তাদের ঘরে তালা ঝুলিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
গত সোমবার (২৬ এপ্রিল) রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের মনির মিয়ার (৪০) সঙ্গে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের ওই নারীর সঙ্গে ধর্ম আত্মীয়তার সম্পর্ক রয়েছে। ধর্ম ভাই-বোন হিসেবে তারা উভয়ের বাড়িতে যাতায়াত করতো। ১৯ এপ্রিল মনির মিয়া তার বোনের বাড়ি বেড়াতে আসেন। কিছুক্ষণ পর বাড়ির পাশের কালু ফকির, ইমরান ফকির, শাকিব আকন, রানা ফকির, শামীম ফকিরসহ ৮-১০ জন ওই নারী ও মনিরকে ঘর থেকে টেনে বাইরে বের আনে। পরে তাদের বেঁধে রেখে বাড়ির উঠানে সালিশ বসায়। সালিশে কালু ফকির কারো কথা না শুনে ওই নারী ও মনিরকে ১০০ বার জুতাপেটা করে।পরে জুতার মালা পরিয়ে তাদের এলাকা ঘুরানো হয়। এক পর্যায়ে তাদের ঘরে তালা ঝুলিয়ে এলাকা থেকে বের করা ও সমাজচ্যুত করা হয়। কিন্তু প্রভাবশালীদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি।
২৫ এপ্রিল রাতে সালিশ বৈঠকের প্রধান কালু ফকির, ইমরান ফকির, শামীম ফকিরসহ ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮/১০ জনের নামে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই নারীর স্বামী। পুলিশ এ ঘটনায় জড়িত কালু ফকির, আজিজুল ফকির ও শাকিব আকনকে গ্রেফতার করেছে।
বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার বলেন, এই জঘন্যতম কাজটি যারা করেছে তাদের বিচার হওয়া উচিৎ।
রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক, মানবাধিকার লঙ্ঘনের সামিল। আমার কাছে ওই নারী একটি অভিযোগ দিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে থানাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।
ইত্তেফাক/ইউবি