আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নেপালি হিসেবে সেঞ্চুরি পেলেন অধিনায়ক পরশ খাড়কা। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি ভেন্যুতে সোমবার তিনি এ কীর্তি গড়েন। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনি ১০৯ বল খেলে করেন ১১৫ রান। ইনিংসে ছিল ১৫টি চার ও একটি ছক্কা। আগে বল হাতেও নিয়ে নিয়েছেন দুই উইকেট। তার এ অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে চার উইকেটের জয় পায় নেপাল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আরব আমিরাত নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে করে ২৫৪ রান। শাইমান আনোয়ার করেন ৮৭ রান। জবাব দিতে নেমে ৩২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নেপাল।