লিওনেল মেসি সমালোচনার ঊর্ধ্বে নন। এমনকি পুত্র থিয়াগোও তার সমালোচনা করে থাকেন।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই খেলোয়াড়কে মনে করা হয় ফুটবল খেলতে আসা এ যাবত্কালের সেরাদের একজন হিসেবে।
কিন্তু বার্সেলোনা অধিনায়ক, লা লিগার রেকর্ড গোলদাতা এক সাক্ষাত্কারে বলেছেন যে থিয়াগো সবসময় তার খেলায় মুগ্ধ হয় না।
মেসি ওয়ার্ল্ড সকার পত্রিকাকে বলেন, ‘সে ফুটবলটা অনেক ভালো বোঝে। কারণ সে হচ্ছে তার সন্তানদের মধ্যে বড় এবং ফুটবলকে ঘিরে যা কিছু আছে সব নিয়েই কথা বলে সে। আমি এরই মধ্যে তার কাছ থেকে কিছুটা সমালোচিত হয়েছিলাম। বার্সেলোনা, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সবই সে অনুসরণ করে। সে এটা পছন্দ করে, সে কেবলই জিজ্ঞেস করতে থাকে এবং যখন কোনো কিছু ঠিকঠাক মতো যায় না, তখন সে আমাকে ধরিয়ে দেয়।’
আর্জেন্টাইন এই কিংবদন্তি ফুটবলার জানান তিনি এর আগে হেরে যাওয়া খেলাগুলো নিয়ে কথা বলতেন না। কিন্তু থিয়াগোর আগ্রহের কারণে তিনি বাজে ফলগুলো বিশ্লেষণে উত্সাহ পান।
এ প্রসঙ্গে মেসি বলেন, ‘ব্যাপারটা আর আগের মতো নেই। হার ও বাজে পারফর্মেন্স সামলানো সবসময়েই কঠিন। কিন্তু থিয়াগো আমাকে কি ঘটেছিল এবং কেন আমরা জিতিনি তার ব্যাখ্যা দিতে বাধ্য করে। এখন আমরা অনেক কথা বলি।’
বার্সেলোনা অধিনায়ক আগামীকাল বৃহস্পতিবার কোপা দেল রে খেলতে নামবে। এই প্রতিযোগিতার শিরোপাধারীরা সেভিয়ার মাঠে প্রথম লেগে ২-০ গোলে পরাজিত হয়েছিল। তাই ন্যু ক্যাম্পে দলটিকে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আতিথ্য দেওয়ার সময় বার্সেলোনার লক্ষ্য হবে আগের ফলটি থেকে ঘুরে দাঁড়ানো।