ভাইকিংসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাদের পয়েন্ট এখন ১৪। স্বভাবতই বেশ চনমনে ভাব নিয়েই প্রেস কনফারেন্সে এলেন অধিনায়ক ইমরুল কায়েস। শীর্ষে ওঠার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘এরকম জয় পেলেতো ভালো লাগে। আমি বিশেষভাবে খুশি যে আমার টিম ধারাবাহিক ভালো করছে। ব্যাটিং, বোলিং সব সাইডেই ভালো হচ্ছে। প্লে অফের আগে আরও দুইটা ম্যাচ আছে যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি ১, ২ এর মধ্যে থাকতে পারি তাহলে ফাইনালে যাওয়ার জন্য সুবিধা হবে।’
কুমিল্লার ধারাবাহিক সাফল্যের কারণ জানাতে গিয়ে অধিনায়ক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে বেশি চাপে থাকলে পারফর্ম করা কঠিন হয়ে যায়। ম্যানেজমেন্ট বা মালিক সবখান থেকে যদি চাপ থাকে তাহলে পারফর্ম করা কঠিন হয়ে যায়। আমাদের টিমে ওই জিনিসটা নাই। কোচ থেকে শুরু করে টিম বয় পর্যন্ত আমরা সবাই খুব বন্ধুর মতো এই টুর্নামেন্টটা উপভোগ করি। আসলে চাপ না থাকলে পারফর্ম করা সহজ হয়ে যায়। আমার মনে হয় আমার টিমের সফলতা এ কারণেই বেশি হয়।’
ইমরুল জানান, ভাইকিংসের বিরুদ্ধে ম্যাচ নিয়ে তিনি অনেক টেনশনে ছিলেন। বলেন, ‘আজকের ম্যাচের আগ পর্যন্ত আমরা অনেক টেনশনে ছিলাম। আমাদের সামনের দুটি ম্যাচ ঢাকা ও রংপুরের সঙ্গে। তারা বিগ টিম। যে কোনো কিছু ঘটতে পারে। আজকে জেতার কারণে আমরা একটু নিশ্চিত হলাম। গতবারের চেয়ে এবারের বিপিএল অনেক ভালো হচ্ছে। প্রত্যেকটা টিমই কিন্তু খুব ভালো খেলছে। প্রত্যেকেই কোয়ালিফাই করতে চাইছে। এটা বিপিএলের জন্য ভালো।’
প্রতিটা ম্যাচেই দলের জন্য ভূমিকা রাখছেন কুমিল্লার ব্যাটসম্যান শামসুর রহমান। তার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক বলেন, ‘দুর্ভাগ্যক্রমে শামসু জাতীয় দলের বাইরে চলে গেছে। রান করা বা নিজেকে ফিট রাখার জন্য এ বছর সে অনেক কঠিন পরিশ্রম করেছে। বিপিএলের দ্বিতীয় আসরে সে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। এ ধরনের টুর্নামেন্টে রান করার যোগ্যতা তার আছে। এ বছর হয়তো তার ভালো সময় যাচ্ছে এজন্য সে নিজের সামর্থ্যকে ভালোভাবে কাজে লাগাচ্ছে।’