বিপিএলের পর প্রিমিয়ার লিগের ড্রাফট

২০১৮-১৯ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়াতে পারে আগামী ২০ ফেব্রুয়ারি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝ পথেই ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট আয়োজনের চিন্তা করেছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। কিন্তু শেষ পর্যন্ত প্লেয়ার্স ড্রাফট পিছিয়ে দিতে হয়েছে বিপিএলের কারণেই। প্রিমিয়ার লিগের অনেক ক্লাবের কোচ, কর্মকর্তারা যুক্ত আছেন বিপিএলে। তাই প্লেয়ার্স ড্রাফটের জন্য প্রস্তুতি নিতে পারছে না ক্লাবগুলো।

সিসিডিএমের ইনচার্জ তৌহিদ মাহমুদ গতকাল জানিয়েছেন, বিপিএলের পর হবে প্রিমিয়ার লিগের ড্রাফট। সম্ভাব্য তারিখ ১০ ফেব্রুয়ারি। গতকাল তিনি বলেছেন, তারিখটা এখনও চূড়ান্ত হয়নি। আমরা ১০ ফেব্রুয়ারি করার কথা ভাবছি। আগামী কয়েকদিনের মধ্যেই তারিখ চূড়ান্ত হবে।

এবার প্রিমিয়ার লিগে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ অনিশ্চিত। নিউজিল্যান্ড সফর থেকে ফেরা জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্রামের পরামর্শ দিয়েছেন হেড কোচ স্টিভ রোডস। কারণ বিশ্বকাপের আগে সবাইকে সুস্থ ও নির্ভার দেখতে পান এ ইংলিশ কোচ। তবে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ শেষ করে ফেরার পর মাশরাফি বিন মুর্তজার মতো শুধু ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা খেলতে পারেন ঢাকা প্রিমিয়ার লিগে।