অ্যান্টিগা টেস্টে ক্যারিবিয়ান দলে ওশানে থমাস

এন্টিগাতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন জ্যামাইকান ফাস্ট বোলার ওশানে থমাস। তিনি আগেই চারটি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

৩৪.৭৬ গড়ে তার ঝুলিতে আছে ১৭টি প্রথম শ্রেণির উইকেট। প্রথম টেস্টে তিন উইকেট পাওয়া জোসেফ পিঠের ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। প্রথম টেস্টে ৩৮১ রানের বিশাল জয়ের পর স্বাগতিকরা অ্যান্টিগা টেস্টের দল ঘোষণা করে। ম্যাচটি শুরু হবে আগামী ৩১ জানুয়ারি।

প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন বলেছেন, ‘বার্বাডোজে ব্যাক-আপ খেলোয়াড় হিসেবে থমাস আমাদের সাথে ছিলেন। দ্বিতীয় টেস্টে তিনি ১৪ সদস্যের দলে একজন অতিরিক্ত ফাস্ট বোলার হিসেবে আছেন। প্রথম টেস্টের ফলাফলে আমরা সবাই অত্যন্ত খুশি। এ ধারাবাহিকতা আমরা এন্টিগা টেস্টেও বজায় রাখতে চাই। গত বছরও আমরা এখানে জয় পেয়েছিলাম।’