সুনামগঞ্জের দিরাই উপজেলার মধুরাপুর গ্রামে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৩ জন।
বুধবার (২৮ এপ্রিল) সকালে দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের ফজলু ও ফখরুল নামে দু’জন আপন ভাই নিহত হয়েছেন। এছাড়াও শাবনুর হাবিব ও লাদেন নামে তিনজন আহত হয়েছেন যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত বুধবার সকালে মাধুরাপুর হাওরে নিজের জমির পাকা ধান কাটছিল কৃষকরা। হটাৎ করে ঝড় শুরু হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই বজ্রপাতে ফজলু ও ফখরুল নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয় এবং পাশে থাকা আরো তিনজন আহত হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই ভাই মারা যান ও তিনজন আহত হন।
ইত্তেফাক/এসজেড