বিমানবন্দর আধুনিকায়নের দাবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনো ৪০ বছর আগের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বিদ্যমান, পাখি তাড়াতে ভরসা এয়ারগান। এমন চিত্র তুলে ধরে বিমানবন্দরের আধুনিকায়নের দাবি তুললেন বেসরকারি উড়োজাহাজ পরিচালনা সংস্থা নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। গতকাল রাজধানীর একটি হোটেলে নভোএয়ার আয়োজিত এয়ারলাইনের নিরাপত্তা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। এছাড়া সভায় উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞরাও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মফিজুর রহমান বলেন, দেশের অভ্যন্তরীণ যশোর ও সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের সারফেস ভালো নয়। এতে চাকা ফেটে যাওয়া কিংবা উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাছাড়া উড্ডয়নের সময় রানওয়ে উঁচু নিচু হওয়ায় যথেষ্ট ঝাঁকুনি লাগে।

উড়োহাজাজের নিরাপত্তায় নভোএয়ার সমপ্রতি ৩ রেটিং পেয়েছে। হ্যাঙ্গার না থাকায় আইওএসএ অডিট করাতে পারছেন না অভিযোগ করে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড পেলে আমরাও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। এরপরেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের পরীক্ষা পদ্ধতি অনুসরণ করে এবং নিয়োগের ক্ষেত্রে নভোএয়ারের বৈমানিকদের অগ্রাধিকার দেয়।