শিল্প উদ্ভাবনের মালিকানা সুরক্ষায় পেটেন্ট সমন্বয় সেল চালুর তাগিদ

দেশের শিল্প উদ্ভাবনের মালিকানা সুরক্ষায় পেটেন্ট সমন্বয় সেল চালুর তাগিদ দিয়েছেন বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস্ অ্যাসোসিয়েশন (বিআইএএ) এর নেতারা। তারা বলেন, দেশীয় উদ্ভাবনের বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করতে দ্রুত পেটেন্ট নিবন্ধন সেবা পাওয়া জরুরি। এ লক্ষ্যে তারা শিল্প মন্ত্রণালয় গঠিত পেটেন্ট সমন্বয় সেলে বিআইএএ’র প্রতিনিধি অন্তর্ভুক্ত করারও দাবি জানান। অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতারা গতকাল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর সঙ্গে বৈঠককালে এ তাগিদ দেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিআইএএ’র নতুন কমিটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম আজাদ, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ আইউবসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিআইএএ’র নেতারা বলেন, আন্তর্জাতিক দরপত্রে ইনডেন্টর ব্যতীত প্রফরমা ইনভয়েসের (পিআই) মাধ্যমে যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানির ফলে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাচ্ছে। এছাড়া নিম্নমানের যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি হওয়ায় শিল্পখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা পিআই এর সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদেরকে বাধ্যতামূলকভাবে বিআইএএ’র সদস্যভুক্তির দাবি জানান।

বৈঠকে শিল্পমন্ত্রী পিআই এর সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে একমত পোষণ করেন। তিনি দেশীয় সৃজনশীল উদ্ভাবনের অনুকূলে দ্রুত পেটেন্ট নিবন্ধন দিতে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ (ডিপিডিটি) অধিদপ্তরের কার্যক্রম জোরদার করা হবে বলে উল্লেখ করেন।