তার স্বপ্ন ফিল্মের নায়িকা হওয়ার। কিন্তু পরিবারের কেউ তা চায় না। তাই মা ও ভাইয়ের সাথে ঝগড়া করে গত সোমবার বাসা থেকে বের হয়ে যায় ১২ বছরের কিশোরী মিফতাউল জান্নাত মিথিলা। তবে তার আর নায়িকা হওয়া হয়ে ওঠেনি। ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
মিফতাউল জান্নাত মিথিলা নগরীর পাহাড়তলি থানার ফিরোজশাহ জোলাপাড়া এলাকার কবির হোসেনের মেয়ে। বুধবার ( ২৮ এপ্রিল) পাহাড়তলি থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মিফতাউল জান্নাত মিথিলা নামের এক কিশোরী পরিবারের সাথে অভিমান করে গত সোমবার ফিরোজশাহ এলাকার বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে খুলশি মার্টের সামনে গিয়ে সে কান্নাকাটি শুরু করে। তাকে কাঁদতে দেখে ইয়াসমিন নামে এক গার্মেন্টস কর্মী তাকে বুঝিয়ে-সুঝিয়ে ওয়ারলেস এলাকায় নিজের বাসায় নিয়ে যায়।
এদিকে, পরিবারের কাছে অভিযোগ পেয়ে মিথিলাকে উদ্ধারে অভিযানে নামে পাহাড়তলি থানা পুলিশ। পরবর্তীতে রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে ইয়াসমিনের বাসা থেকে মিথিলাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিথিলা পুলিশকে জানিয়েছে, তার খুব নায়িকা হওয়ার শখ। কিন্তু মা ও বড়ভাই তা হতে দেবে না। তাই রাগ করে কাউকে কিছু না বলে সে বাসা থেকে বের হয়ে গিয়েছিল।
ইত্তেফাক/এসআই