মিসরে ঐক্যবদ্ধ বিরোধীদল গঠনের ডাক ইখওয়ানের

মিসরের নিষিদ্ধ ঘোষিত ইখওয়ানুল মুসলিমিন সম্মিলিত বিরোধীদল গঠনের আহ্বান জানিয়েছে। সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসির হাত থেকে দেশকে মুক্ত করতে দলটি এ ডাক দিয়েছে। খবর পার্স টুডে

২০১১ সালের ২৫ জানুয়ারির বিপ্লব বার্ষিকী উপলক্ষে প্রকাশিত সম্প্রতি এক বিবৃতিতে ইখওয়ান বলেছে, সামরিক শাসকের হাত থেকে মিসর ও কারাবন্দিদের মুক্ত করতে এমন ঐক্যবদ্ধ বিরোধীদল গঠন করা দরকার। এ জন্য সংগঠনটি বিদেশে অবস্থান করা বিচারকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। বিদেশে এ ধরনের ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলা সম্ভব হলে তা দেশের বিরোধী রাজনৈতিক কর্মীদেরকে কাজ করতে সহায়তা করবে। মিসর বিপ্লবের স্বার্থ ও বিরোধীদেরকে রক্ষার জন্য সব ধরনের সহিংসতা এড়িয়ে চলার কথাও বলা হয়েছে ইখওয়ানের বিবৃতিতে।

জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি ২০১৩ সালে ক্ষমতা দখলের পর ওই বছরের ডিসেম্বর মাসে ইখওয়ানুল মুসলিমিনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ করেন এবং দলের নেতাকর্মীদের সম্পদ জব্দ করা হয়। এছাড়া বহু নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে জেনারেল সিসির সরকার। মিসরে পুলিশের বিনা অনুমতিতে কেউ কোনো সভা-সমাবেশ করতে পারবে না বলে সিসি সরকার আইন পাস করে রেখেছে। জেনারেল সিসি ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬০ হাজার বিরোধী নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে তিনি এ তথ্য অস্বীকার করে আসছেন।