সংযুক্ত আরব আমিরাতে লিঙ্গ সমতা বিষয়ক পুরস্কারের সবগুলোই পুরুষদের দেওয়া হয়েছে। এ নিয়ে দেশটির লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পাশাপাশি কৌতুক করছেন।
গত রবিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়—যার মূল উদ্দেশ্য ছিল দেশটিতে নারীর ক্ষমতায়ন ও সরকারি বিভাগগুলোতে লিঙ্গ সমতা প্রতিষ্ঠার প্রতি শাসকদের অঙ্গীকারের বিষয়টি তুলে ধরা। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রাশিদ আল-মাখতুম। মজার বিষয় হচ্ছে—লিঙ্গ সমতা বিষয়ক অনুষ্ঠানের পুরস্কার যারা পেয়েছেন তাদের সবাই পুরুষ।
পুরস্কার পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আল-নাহিয়ান। লিঙ্গ সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তাকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে ঘোষণা করা হয়। অন্যদের মধ্যে রয়েছেন দুবাইয়ের উপ-প্রশাসক ও অর্থমন্ত্রী শেখ হামদান বিন রাশিদ আল-মাখতুম, মানব সম্পদ বিষয়ক মন্ত্রী নাসের বিন সানি এবং কেন্দ্রীয় পরিসংখ্যান কর্তৃপক্ষের মহাপরিচালক আবদুল্লাহ নাসের লুতাহ।
২৭ জানুয়ারি অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করার পর তীব্র সমালোচনার পাশাপাশি হাসাহাসি শুরু হয়। একজন লিখেছেন, আমি দুঃখিত তবু এ কথা বলতে হচ্ছে যে, আপনারা বোধহয় নারীদের আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিলেন। অবশ্য এ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় দুবাইয়ের শাসক রাশিদ আল-মাখতুম নারীদের ভূমিকার প্রশংসা করে বলেন, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোর স্তম্ভ হয়ে উঠেছেন নারীরা।