ভোটের মুখে এবার ন্যূনতম আয়ের প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী। গতকাল ছত্তীসগড়ে এক জনসভায় কংগ্রেস সভাপতি বলেন, ক্ষমতায় গেলে কংগ্রেস সরকার ন্যূনতম আয় নিশ্চিত করবে। কেউ অভুক্ত থাকবেন না, কেউ গরীব থাকবেন না। খবর আনন্দবাজার পত্রিকা
রাহুলের নেতৃত্বে কংগ্রেস বা জোট সরকার ক্ষমতায় এলে মূলত কোন নীতি নিয়ে চলবে, এই ঘোষণায় তার দিশা দেখালেন রাহুল। একই সঙ্গে নরেন্দ্র মোদীর পালের হাওয়া কিছুটা কেড়ে নিলেন। কারণ, মোদী সরকার ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে গরীব চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা দেওয়ার প্রকল্প ঘোষণার চিন্তাভাবনা করছিল। আগেভাগে সেই প্রতিশ্রুতি দিলেন রাহুল। এখন বাজেটে যে ঘোষণাই হোক না কেন, সেটাকে অনুকরণ বলে প্রচারের সুযোগ পেয়ে গেলো কংগ্রেস।