নাজিবের বিরুদ্ধে অর্থ পাচারের আরও তিন অভিযোগ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থ পাচারের আরো তিনটি অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে তদন্তকারীদের দাখিল করা মোট অভিযোগের সংখ্যা ৪২-এ দাঁড়াল। এসব অভিযোগের প্রথম শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

গত সোমবার সরকারি তদন্ত-কারীরা নাজিবের বিরুদ্ধে অবৈধভাবে এক কোটি ১৪ লাখ ৪০ হাজার ডলার আয়ের অভিযোগ উত্থাপন করে। এই অর্থের সন্ধান পাওয়া গেছে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে। সর্বশেষ দায়ের করা অর্থ পাচারের তিনটি অভিযোগ প্রমাণিত হলে প্রতিটির জন্য তার পাঁচ বছর করে কারাদণ্ড হতে পারে। এছাড়া আগের মামলাগুলোর অভিযোগ প্রমাণিত হলে ২০ বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

গত মে মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাহাথির মোহাম্মদের নেতৃত্বে গঠিত নতুন সরকার দুর্নীতিবিরোধী অভিযান শুরু করে।  দুর্নীতির এসব মামলার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রাষ্ট্রায়ত্ত ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থ সরানোর অভিযোগ।