অস্ট্রেলিয়ার ডার্লিং নদীতে আবারও ভেসে উঠলো লাখ লাখ মৃত মাছ

অস্ট্রেলিয়ার খরাকবলিত মেনিন্দি এলাকায় আবারো মারা গেছে কয়েক লাখ মাছ। পানিতে ভেসে ওঠা মৃত মাছে ছেয়ে গেছে ডার্লিং নদী। জানুয়ারির শুরুর দিকে দশ লাখ মাছ মারা যাওয়ার কয়েক সপ্তাহের মাথায় নতুন করে আবার বিপুল সংখ্যক মাছ মারা গেল। আগামী কয়েক দিন এভাবে গণহারে মাছ মারা যাওয়ার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। খবর এএফপি

অস্ট্রেলিয়ার ডার্লিং নদীতে আবারো ভেসে উঠেছে কয়েক লাখ মৃত মাছ। সম্প্রতি দীর্ঘ মেয়াদি খরায় আক্রান্ত হয়েছে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় এলাকাগুলো। সেইসঙ্গে প্রচণ্ডরকমের তাপপ্রবাহ আবহাওয়াকে আরও বৈরী করে তুলেছে। উত্তরাঞ্চলীয় অস্ট্রেলিয়ায় বর্ষাকাল দেরি করে আসার কারণেও কিছু এলাকায় তাপপ্রবাহ দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত মুরে-ডার্লিং রিভার ব্যবস্থারই অংশ হলো ডার্লিং নদী। কয়েক সপ্তাহ আগে সেখানে ভেসে উঠেছিল প্রায় দশ লাখ মৃত মাছ। বিজ্ঞানীরা এর জন্য কম পানি, অক্সিজেনের মাত্রা কমে যাওয়া ও বিষাক্ত শেওলার উপস্থিতিকে দায়ী করেছিলেন। ওই ঘটনার রেশ না কাটতেই গত কয়েক দিনে ডার্লিং নদীতে নতুন করে বিপুলসংখ্যক মৃত মাছ ভেসে উঠেছে।