রাজশাহীর তানোরে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কলমা ইউনিয়নের চৌরখোর বাড়ইল গ্রামের রাস্তার ধার থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত প্রকাশ কুমার সিংহ (২০) তানোর উপজেলার চৌরখোর এনায়েতপুর গ্রামের নির্মল সিংহের ছেলে। এ ঘটনায় নিহত প্রকাশের বাবা তানোর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সে রাজশাহী শহরের নবরূপ মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন। তবে লকডাউনের কারণে প্রকাশ কুমার নিজ বাড়িতে অবস্থান করছিল।
প্রকাশের বাবা নির্মল শিং বলেন, বুধবার সন্ধ্যার পর ঝড় যখন উঠে তখন আমার ছেলে প্রকাশ মোবাইল ফোনে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে যায়। সে বাড়িতে না ফেরায় বাড়ির বাহিরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে গ্রামের লোকজন বাড়িতে এসে খরব দেয়, আমার ছেলে মরে পড়ে আছে রাস্তার ধারে। ছেলেকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।
তানোর থানার ওসি রাকিবুল হাসান জানান, সকালে চৌরখোর এলাকা থেকে প্রকাশের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বাম হাত কাটা, গলা কাটা (জবাই) ও মাথার পিছনে কাটার চিহ্ন রয়েছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
ইত্তেফাক/এমএএম