ট্রাফিক জ্যামে ঢাকা শহরে মূল্যবান অনেক সময় নষ্ট হয়। এই ট্রাফিক জ্যামকে পুঁজি করে স্বার্থান্বেষী কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান মোটরসাইকেল ভাড়ায় রাইড করায়। এতে কিছু মানুষের সাময়িক সুবিধা হলেও বেশিরভাগ মানুষের ঝুঁকির কারণ এই মোটরসাইকেল। স্বল্প জায়গায় বেশি ভাড়া নিয়ে তারা দ্রুত পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। ফলে কোনো রকম ট্রাফিক আইন তারা পরোয়া করে না। একটু ফাঁক পেলেই ট্রাফিক পুলিশকে উপেক্ষা করে দ্রুত যাবার চেষ্টা করে। এমনকি ফুটপাতও বিপজ্জনক হয়ে দাঁড়ায় পথচারীদের জন্য। বাস থেকে কোনো যাত্রী নামলে, ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেলের মুখোমুখি হয়। এভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই এসব মোটরসাইকেল তথা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো হোক, তাদের ট্রাফিক আইন মানতে বাধ্য করা হোক। এতে পথচারীরা পথ চলতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। মনে রাখতে হবে সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি।
রিমন আল মাহিদ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়