নৃত্যাচার্য বুলবুল সমাজ জাগরণে অনবদ্য অবদান রেখে গেছেন

গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর উদ্যোগে নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর জন্মশতবর্ষ-২০১৯ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রথম পর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট কাজী ফিরোজ রশীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সচিব মো. নজরুল ইসলাম। মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এবং বিশিষ্ট নৃত্যশিল্পী, বুলবুল নৃত্যগবেষক মেহবুব হাসান।

বক্তাগণ নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই ক্ষণজন্মা শিল্পীর মাত্র ৩৫ বছর জীবনের অমর সৃষ্টিসমূহ সমাজ জাগরণে যে অনবদ্য ভূমিকা রাখেন তার ভূয়সি প্রশংসা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাফার সম্পাদক মো. ফজলুর রহমান। তিনি তার বক্তব্যে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সকল অতিথিবৃন্দ ও সকল কলাকুশলীকে অভিনন্দন জানান এবং বুলবুল চৌধুরীর আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়নে তার বন্ধু মাহমুদ নুরুল হুদার হাতে যে বাফা প্রতিষ্ঠিত হয়েছিল তা সঠিক লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাছাড়া বাফার সাবেক সভাপতি, সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। তারা প্রত্যেকে বুলবুল চৌধুরীর স্বপ্ন বাস্তবায়নে একাত্মতা প্রকাশ করেন এবং বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) কে সংস্কৃতি বিষয়ে উচ্চতর শিক্ষার লক্ষ্যে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার জন্য সরকারের বরাবরে জোর দাবি ব্যক্ত করেন। দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপস্থিত থেকে বাফার শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন।