শতাধিক উপ-সহকারী প্রকৌশলীকে পদোন্নতি সংক্রান্ত আদালতের রায় বাস্তবায়ন না করায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো:আবুল কালাম আজাদকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১২ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, এক রিট মামলার রায়ে এলজিইডি’র ১০২ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদোন্নতি দিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব ও এলজিইডির প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেয়। এর বিরুদ্ধে আপিল করলে তা খারিজ হয়ে যায়। পরে পদোন্নতি সংক্রান্ত রায় বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগে এ আবেদন করা হয়।