যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল আলমকে আবারও আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি তিনি আদালতে হাজির না হলে তাকে আটকে পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তলব আদেশে হাজির না হওয়ায় বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতের আদেশের পরেও এক গ্রাহকের এমটিডিআরের অর্থ না দেওয়ায় তাকে তলব করেছিল হাইকোর্ট। এ প্রসঙ্গে আবেদনকারীর আইনজীবী এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, শফিকুল আলমের ব্যক্তিগত হাজিরা ছিল আজ। আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে বলেছেন তিনি দেশের বাইরে আছেন। এতে আমরা আপত্তি দিয়ে বলেছি দেশের বাইরে থাকলেও এ সংক্রান্ত কোনো নথি আদালতে দাখিল করেননি। এ কারণে হাইকোর্ট ১২ ফেব্রুয়ারি হাজির হতে বলেছে। যদি হাজির না হয় তাহলে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে মতিঝিল থানার ওসিকে বলা হয়েছে।