শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা সুলতানা হ্যাপী। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক জালাল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ছালেক মিয়া বলেন, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সন্তানের মত। আমি চাই তোমরা ভালো ফলাফল করবে। পরীক্ষার প্রস্তুতি হিসেবে তোমরা ভালোভাবে পড়ালেখা করো। তোমরা উচ্চ শিক্ষা অর্জন করে কেউ ডাক্তার হবে, কেউ মন্ত্রী হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে আবার কেউ আইনজীবি হবে।

আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবিদুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান পরিচালনায় সকল সদস্যবৃন্দ।