সাভারের আশুলিয়ায় ইট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে নদীতে পড়ে ট্রাকটির চালকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে মরাগাং এলাকার মেঘনা ব্রীক ফ্লিড থেকে ট্রাকটি সড়কে ওঠার সময় নিয়ন্ত্রন হারিয়ে তুরাগ নদীর ৪০ ফুট গভীরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ও দুইটি ডুবরি দল ঘটনাস্থলে পৌছে প্রায় সাড়ে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে নদী থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও ৪ জনের লাশ উদ্ধার করে। এদের মধ্যে ৩ জনই শ্রমিক।
নিহতরা হলো- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকার জিল্লুর হকের ছেলে আরিফ (২৬), জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকার ইসলাম মুন্সির ছেলে আব্দুল কাদের (৪০), শেরপুর জেলার ঝিনাইগাতি থানার ঘাঘরা গ্রামের ট্রাক চালক মুজাহিদ (২৫) ও শাহিন (৩৫)। তারা সবাই আশুলিয়া এলাকায় ভাড়া থেকে ইটভাটায় কাজ করতো। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাভেদ মাসুদ বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগীতায় নিহতদের মরদেহ এবং ডুবে যাওয়া ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।