মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যমে সীমান্ত পরিস্থিতি নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের জন্য দেশটির রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার রাষ্ট্রদূত লুইন ও-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি মিয়ানমারের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, গত ২৪ জানুয়ারি ভোরে বাংলাদেশ থেকে একদল সন্ত্রাসী মিয়ানমারে প্রবেশ করে লংগদু শহরের এক পুলিশ চৌকিতে আক্রমণ করেছে। এর প্রতিবাদ জানিয়ে ঢাকা বলেছে, এটি নিশ্চিত ওই দিন বাংলাদেশ থেকে কেউ মিয়ানমারে অনুপ্রবেশ করেনি বা গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি। এর আগেও মিয়ানমারের সংবাদমাধ্যমে এ ধরনের মিথ্যা খবর প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে বলেছে, বাংলাদেশে কোনো সন্ত্রাসী সংগঠনের উপস্থিতি নেই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করার জন্য ইতোমধ্যে বাংলাদেশ মিয়ানমারকে একটি প্রস্তাব দিয়েছে। এ ছাড়া সীমান্তে যৌথ টহলের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। কিন্তু মিয়ানমার এর কোনো জবাব এখনো দেয়নি।