শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিতে হবে ------------ মানিজা হোসেন

ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালক, আমেরিকা প্রবাসী আইনজীবী ও সাংবাদিক মানিজা হোসেন বলেছেন, শিক্ষা হচ্ছে আলো, সর্বত্র এ আলো ছড়িয়ে দিতে হবে। শিক্ষা অর্জন করে ছাত্র-ছাত্রীরা যাতে তাদের স্বপ্ন পূরণ করতে পারে সে উদ্দেশ্যে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে। বিশেষত নারী শিক্ষাকে বেশি বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি গতকাল মঙ্গলবার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলা সদরে মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে আরো বলেন, আমরা উচ্চ শিক্ষা নিয়ে দেশ-বিদেশে চলাফেরার সুযোগ পেয়েছি। যার মাধ্যমে দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজের দ্বার খুলে গেছে। বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে মহাবিদ্যালয়-বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার জন্য শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ভিত্তিকে আরো শক্তিশালী করতে হবে। শুধু সাধারণ শিক্ষা নয়, বিশেষায়িত শিক্ষা দানের জন্য প্রতিষ্ঠানগুলোতে ব্যবস্থা রাখা উচিত। আমার পিতামহী মাজেদা বেগমের নামে মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ এবং মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে আমার বাবা আনোয়ার হোসেন মঞ্জু ভাণ্ডারিয়ায় নারী শিক্ষা বিস্তারের যে দিগন্ত উন্মোচন করে দিয়েছেন তা এ এলাকায় প্রজন্ম-প্রজন্মান্তরে আলোর দিশারি হয়ে থাকবে। বিশেষতঃ সমাজের পিছিয়ে পড়া নারী সমাজ শিক্ষার এ আলোকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে উঠবে। আমি জেনে ধন্য হয়েছি যে, বিগত ৩০ বছরে ভাণ্ডারিয়া ও সন্নিহিত এলাকার বহু মেয়ে এ দুইটি প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে সুপ্রতিষ্ঠিত করেছেন। এই শিক্ষিত মেয়েরাই শিক্ষিত জাতি গঠনে ভূমিকা রাখছেন।

ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ৬ষ্ঠ শ্রেণির নবাগত ছাত্রীদের বরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন মামুন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. জামাল উদ্দিন লিটন, সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন, ১০ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এছাড়া বিদায়ী মানপত্র পাঠ করে শিক্ষার্থী তানজিলা ও কবিতা আবৃত্তি করে শিক্ষার্থী ইসরাত জাহান মৌ। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি মানিজা হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী দেওয়া হয়।