আনিসুলের কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিলেন আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আতিকুল ইসলাম। মঙ্গলবার বিকালে রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল কাশেমের কাছে নিজের ৫টি মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি সাংবাদিকদের কাছে ঢাকা উত্তর সিটিতে প্রয়াত মেয়র আনিসুল হকের রেখে যাওয়া উন্নয়ন কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জনতার রায়ে মেয়র পদে জয়ী হলে আনিসুল হক (প্রয়াত মেয়র) ঢাকা উত্তর সিটিকে উন্নয়নের যে মাপে নিয়ে গেছেন সেই মাপে নিয়ে যাব। পারলে আরো অনেক উপরে নিয়ে যাব। কারণ ওই মাপের কমে নিয়ে গেলে জনগণ আমাকে প্রত্যাখান করবে।

মঙ্গলবার বিকালে মনোনয়নপত্র জমা দিতে নির্বাচনী প্রশিক্ষণ ভবনে (ইটিআই) আসেন মোঃ আতিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, এফবিসিসিআইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, মেট্রোপলিটন চেম্বর অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির এর সভাপতি নিহাদ কবির প্রমুখ।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, এবার তফসিল ঘোষণার পর মেয়র পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে ২০১৮ সালের তফসিল ঘোষণার পর ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সব মিলিয়ে এ পদে ২৫জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন। তবে মঙ্গলবার পর্যন্ত শুধুমাত্র আতিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে ঢাকা উত্তর সিটির সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৯৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন; যার মধ্যে গতকাল পর্যন্ত ১৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে সংরক্ষিত ৬টি ওয়ার্ডে ৩০জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, জমা দিয়েছেন দুইজন। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে সবমিলিয়ে ২২৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ও ১৫ জন জমা দিয়েছেন। আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন ও ঢাকার দুই সিটির সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল কাশেম জানিয়েছেন, পাঁচটি মনোনয়নপত্র তিনি পেয়েছেন। এরমধ্যে প্রথম মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হলে বাকিগুলো আর বাছাই করা হবে না। তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাইয়ের তারিখ নির্ধারিত বলে জানান তিনি। তিনি সকলকে আইন ও বিধিমালা মেনে চলার আহবান জানান।