যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলে নিখোঁজ ও নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তালিকায় ৬৩১ জনের নাম নিবন্ধন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে। এই তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে বর্তমানে বেশ কয়েকটি দাবানল সক্রিয়। এর মধ্যে কেবল ‘ক্যাম্প ফায়ার’ অগ্নিকাণ্ডেই ৬৩ জন নিহত হয়েছেন। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এ দাবানলে এরই মধ্যে প্রায় ১২ হাজার ভবনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। দক্ষিণের ‘উলসি ফায়ারে’ মারা গেছেন তিনজন। দাবানলের কারণে সৃষ্ট ভয়াবহ মাত্রার বিশৃঙ্খলা মোকাবিলায় দমকলকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। ফলে নিখোঁজ কিংবা নিহতের সঠিক সংখ্যা পাওয়া যাচ্ছে না। ক্ষয়ক্ষতি পরিদর্শন ও আক্রান্তদের সঙ্গে কথা বলতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়া যাওয়ার কথা রয়েছে।
দাবানল নিয়ন্ত্রণে আনতে রাজ্যজুড়ে প্রায় সাড়ে নয় হাজার অগ্নিনির্বাপক কর্মী কাজ করছেন। ইতোমধ্যে তিন লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে বনাঞ্চল থেকে সৃষ্ট দাবানল দ্রুত দেশটির প্যারাডাইস এলাকায় ছড়িয়ে পড়ে। এরই মধ্যে পুড়ে ছারখার হয়ে গেছে শহরটি। ঘর ছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। দাবানলে নিহতদের বেশিরভাগই প্যারাডাইস শহরের বাসিন্দা বলে জানা গেছে। প্যারাডাইস শহরের পর দাবানল আঘাত হানে ক্যালিফোর্নিয়ার আরেক সৈকত শহর মালিবুরে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের ঘটনায় বনবিভাগের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই দাবানলে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা বড় আকারের ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের চেয়ে কোনো অংশে কম নয়।