সোনা চোরাচালান মামলায় ভ্যানচালকের যাবজ্জীবন কারাদণ্ড

সোনা চোরাচালান মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মঙ্গলবার এক ভ্যানচালককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সেন্টু শেখ। সে চুয়াডাঙ্গা জেলাধীন দামুড়হুদা থানার পারকৃষ্ণপুর গ্রামের মজনু শেখের ছেলে।

চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইবুন্যাল-১ ও জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রবিউল ইসলাম মঙ্গলবার বিকেলে সেন্টু শেখের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

জানা গেছে, গোপন খবরে গত ২০১৭ সালের ১২ আগস্ট সকাল পৌনে ১০টার সময় দর্শনা বিজিবি ক্যাম্পের ডি কোম্পানীর একদল সদস্য জীবননগর থানাধীন উথলী গ্রামের মোল্লা বাড়ির জামতলা নামক স্থানে পাকা রাস্তার ওপর আকস্মিক যানবাহন তল্লাশি শুরু করে।

সে সময় বিজিবি সদস্যরা জীবননগরগামী একটি রিকশাভ্যান তল্লাশিকালে প্লাস্টিকের ছোট ৩টি বক্সে ভর্তি ২০৯ ভরি ৩ আনা ওজনের বিভিন্ন ধরণের স্বর্ণালংকার উদ্ধার করে। উদ্ধারকৃত ওই স্বর্ণালংকারের মূল্য ১ কোটি ১৫ লাখ ৫ হাজার ৩শ টাকা।

সূত্র জানায়, উদ্ধারকালে বিজিবি সদস্যরা রিকশাভ্যানে বিশেষ কায়দায় লুকানো ওই সোনার অলংকার ভর্তি প্লাস্টিকের বাক্স ৩টি উদ্ধার করে। সে সময় ভ্যানচালক মিন্টুকে আটক করা হয়।

পরে বিজিবি দলনেতা দর্শনা ডি কোম্পানীর সুবেদার জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে জীবননগর থানায় সেন্টুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

এদিকে, মামলার তদন্ত শেষে জীবননগর থানার এসআই আব্দুল্লাহ-আল-মামুন মামলার আসামি দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের মজনু শেখের ছেলে ভ্যানচালক সেন্টুকে অভিযুক্ত করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১) বি ধারায় গত ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন। চার্জসিট দাখিলের পর চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল জজ-১ আদালতে মামলাটির বিচারকাজ শুরু হয়।

বিচারকালে চুয়াডাঙ্গার বিজ্ঞ জেলা ও দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল জজ-১ আদালতে ০৯ জন স্বাক্ষীর সাক্ষ্য-জবানবন্দী ও জেরা গ্রহণ সম্পন্ন করা হয়। মামলাটি সার্বিক কার্যক্রম শেষে গতকাল ২৯ জানুয়ারি নির্ধারিত তারিখে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-১ আদালতের বিজ্ঞ বিচারক রবিউল ইসলাম মামলার একমাত্র আসামি রিক্সাভ্যান চালক সেন্টু শেখকে দোষী সাবস্তে যাবজ্জীবন কারদণ্ডের আদেশ প্রদান করেন।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আফতাব উদ্দীন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসেকিউটর আডভোকেট মুহাঃ শামসুজ্জোহা বিশ্বাস। 

আরও পড়ুনঃ শরণখোলায় অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত

রায় ঘোষণার পর দণ্ডিত সেন্টুকে কঠোর পুলিশি প্রহরায় জেল হাজতে প্রেরণ করা হয়। তবে, আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবেন বলে জানা গেছে।

ইত্তেফাক/নূহু