বরিশালের গৌরনদীতে সরকারী দলের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছে। ডিস ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, সাবেক ১ জন ইউপি চেয়ারম্যান, ১ জন পৌর কাউন্সিলর ও ১ জন ইউপি সদস্য। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ও বিকেলে জেলার আগৈলঝাড়া উপজেলার পতিহার ও গৌরনদীর বিল্বগ্রাম বাজারে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করায় বিল্বগ্রাম বাজারে রাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, ডিস ব্যবসা নিয়ে গত কয়েকদিন থেকে গৌরনদীর যুবলীগ নেতা পিন্টু গুহ গ্রুপ ও আওয়ামী লীগ নেতা জামাল গোমস্তা গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামের ডিস ব্যবসায়ী মৃতুঞ্জয় সরকার ও লক্ষণ দে’র বৈধ ডিস লাইন কেটে দেয় গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল গোমস্তা, সাবেক পৌর কাউন্সিলর ফিরোজ রহমান সহ তাদের সহযোগীরা।
জামাল গোমস্তা গ্রুপের অভিযোগ, পিন্টু গুহ ও তাদের সহযোগীরা এলাকায় অবৈধভাবে ডিস লাইন চালাচ্ছে। তারা বাধা দিলে কিছুদিন আগে তাদের তার কেটে দেয় পিন্টু গ্রুপের লোকজন। এনিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। মঙ্গবার পিন্টু গ্রুপের লাইন কাটা নিয়ে ২ গ্রুপের মধ্যে (মঙ্গলবার) বকেলে মারামারির ঘটনা ঘটে।
এ সময় হামলা-পাল্টা হামলায় আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জামাল গোমস্তা, গৌরনদী পৌরসভার সাবেক কাউন্সিলর যুবরীগ নেতা ফিরোজ রহমান ও প্রতিপক্ষ গ্রুপের মৃতুঞ্জয় সরকার ও লক্ষণ দে আহত হয়।
এ সময় একটি বসতঘর ভাংচুর হয়েছে বলে খবর পাওয়া গেছে। পিন্টু গুহ ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে সোহেল বেপারী নামক এক ব্যাক্তির প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের একটি স্পাইসি মেশিন (ডিস লাইন জোড়া দেয়ার মেশিন) নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা হামলায় গুরুতর আহত মৃতুঞ্জয় সরকার ও লক্ষণ দেকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। সাবেক চেয়ারম্যান জামাল গোমস্তা, সাবেক পৌর কাউন্সিলর ফিরোজ রহমানকে গৌরনদী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগে জানা গেছে, একইদিন রাতে প্রতিপক্ষ জামাল গোমস্তার লোকজন গৈলা ইউনিয়নের সাবেক সদস্য সাইফুল ইসলাম দরবেশকে বিল্বগ্রাম এলাকায় বসে কুপিয়ে জখম করে। স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় দরবেশকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও তাৎক্ষনিক মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ যুবলীগ নেতা টিুট শিকদার, সুজিত দাস ও সুমন গোমস্তাকে আটক করে।
আরও পড়ুন: মিরপুরে প্রাথমিকের ১৮ শিশুর ভিন্নমাত্রার অভিষেক
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান ঘটনার সততা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ইত্তেফাক/নূহু