নির্বাচন বানচাল করতেই বিএনপির আগুন সন্ত্রাস :আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন বানচাল করার জন্যই রাজধানীর নয়াপল্টনে বিএনপি আগুন সন্ত্রাস করেছে। আগুন সন্ত্রাস বিএনপির পুরনো অভ্যাস। তারা আগুন সন্ত্রাস করে নির্বাচন নিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে চায়। গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজার এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপানো বিএনপির অভ্যাস। হেলমেট পরা বিএনপির সন্ত্রাসীরা পুলিশের গাড়ির ওপরে উঠে কীভাবে ধ্বংসযজ্ঞ করেছে এবং পুড়িয়েছে তা আপনারা দেখেছেন। বিএনপির এ কার্যকলাপ ২০১৪ সালের আগুন সন্ত্রাসের দৃশ্যগুলো মনে করিয়ে দেয়। মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে মানুষ খুব উত্ফুল্ল। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।