মাদকে সম্পৃক্ততা পেলে পুলিশকেও ছাড় নয় —ডিএমপি কমিশনার

পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে যুক্ত থাকে, পৃষ্ঠপোষকতা অথবা সহায়তা করে তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। যাতে অন্যরাও দেখে ভয় পায় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল সকালে রাজধানীর আফতাবনগর এলাকায় পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ ও সিসি ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তার বিকল্প নেই। গুলশান, বনানী, বারিধারায় সিসি ক্যামেরা বসানোর ফলে অপরাধ শূন্যের কোটায় এসেছে। এরই ধারাবাহিকতায় আফতাব নগরে একশটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এখানে এখন থেকে আর অপরাধ থাকবে না।

এর আগে, বাড্ডা ইউলুপ থেকে পুলিশ সেবা সপ্তাহের র্যালি নিয়ে আফতাব নগরে আসেন ডিএমপি প্রধান মো. আছাদুজ্জামান।

তিনি বলেন, থানাসহ সবক্ষেত্রে জনসাধারণকে উত্তম ব্যবহার ও সেবা দিয়ে পুলিশকে আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। থানায় এসে যদি কেউ আইনি সেবা না পান, তাহলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান। আমরা ব্যবস্থা নিব।