পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে পরীক্ষকদের প্রশিক্ষণ হবে অনলাইনে

পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে অনলাইনে সব পরীক্ষককে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত  নিয়েছে সরকার। প্রাথমিকভাবে পাঁচটি বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের ওপর অনলাইনে প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়গুলো হলো—বাংলা প্রথম পত্র, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, গণিত এবং ফিন্যান্স ও ব্যাংকিং। পরবর্তীতে অন্যান্য বিষয়সমূহ এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

গতকাল মঙ্গলবার এটুআই প্রকল্পের উদ্যোগে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন স্কুল-কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, গত কয়েক বছরে মাত্র এক হাজার ৫৩৮ জন শিক্ষককে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে। আর এভাবে প্রশিক্ষণ চলতে থাকলে শুধুমাত্র মাধ্যমিকেরই ৬০ হাজার পরীক্ষককে প্রশিক্ষণ দিতে সময় লাগবে ২০ বছর। কোর্সের প্রথম ধাপের অংশ হিসেবে মঙ্গলবার থেকেই মুক্তপাঠ নামক ওয়েবসাইটে গিয়ে লগইন করে কোর্সে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ পান শিক্ষকরা। এই রেজিস্ট্রেশন ১৫ মার্চ পর্যন্ত চলবে। ৩১ মার্চের পর পরবর্তী নতুন ধাপের ঘোষণা দেওয়া হবে। আর প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকগণকে মূল্যায়নের ভিত্তিতে অনলাইন সার্টিফিকেট প্রদান করা হবে। আর সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তকারী শিক্ষকগণ বিভিন্ন শিক্ষাবোর্ডে প্রধান পরীক্ষক ও পরীক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য বিবেচিত হবেন।