সাভারে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে র্যাব-৪ এর একটি দল আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ধর্ষণকারী মো. পারভেজ (৪৫) ও সহায়তাকারী রঞ্জিতা রানী (১৯)। তারা ধর্ষণের শিকার কিশোরীর প্রতিবেশী বলে জানা গেছে। সোমবার (৩ মে) তাদের আদালতে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, গত ৭ এপ্রিল সাভারের আমিনবাজার এলাকায় এক কিশোরীকে প্রতিবেশী রঞ্জিতা রানীর সহায়তায় ধর্ষণ করে পারভেজ। ঘটনার পর গত ১ মে সাভার থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার। পরে পুলিশের পাশাপাশি র্যাবও তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযুক্তদের গ্রেফতার করে র্যাব।
মামলার এজাহারে ও ভুক্তভোগীর জবানবন্দিতে জানা যায় যে, রঞ্জিতা রানী ওই কিশোরীকে ফুসলিয়ে পাশের গলিতে মো. পারভেজ এর বাসায় নিয়ে যায়। ঘটনার দিন বাসায় কেউ না থাকায় ভুক্তভোগীকে দুই দিন আটক রেখে পারভেজ জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে।
র্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পারভেজ ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করার বিষয়টি স্বীকার করেছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম