সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে সু চির দল

মিয়ানমারে সামরিক শাসনামলে প্রণীত সংবিধান সংশোধনের পদক্ষেপ নিয়ে সেনাদের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চলেছেন দেশটির কার্যত সরকার প্রধান অং সান সু চি ও তার দল। গতকাল মঙ্গলবার সংবিধান সংশোধনের প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করে ক্ষমতাসীন দলের এক এমপি। পরে ভোটাভুটিতে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন পায়। এ সময় পার্লামেন্টে সামরিক বাহিনীর সদস্যরা বিরুদ্ধে ভোট দেন এবং নীরবে দাঁড়িয়ে এই পদক্ষেপের প্রতিবাদ করেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই প্রস্তাব সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা ছড়াতে পারে। আগামী শুক্রবার প্রস্তাবটি নিয়ে পার্লামেন্টে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। খবরে বলা হয়েছে, সংবিধান সংশোধন ২০১৫ সালের নির্বাচনে এনএলডি’র অন্যতম প্রতিশ্রুতি ছিল। তবে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব এড়াতে নেতারা অনিচ্ছুক থাকায় এক্ষেত্রে খুব বেশি অগ্রগতি হয়নি।

মিয়ানমারকে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান ইউনিসেফের

চলমান রোহিঙ্গা সংকট নিরসনে রাখাইন রাজ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব প্রয়াত কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির নির্বাহী পরিচালক হেনরিয়েটা বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। তাদের ফিরিয়ে আনার উপযুক্ত পরিবেশ তৈরির দিক-নির্দেশনা আনান কমিশনের সুপারিশে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।