পাঁচ বছর পর পাসপোর্ট ফেরত পেলেন জুনায়েদ বাবুনগরী

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত তিনি। ডাক্তাররা উন্নত চিকিত্সার জন্য তাকে দ্রুত বিদেশ নেয়ার সুপারিশ করলেও পাসপোর্ট আটকে থাকার কারণে তা সম্ভব হচ্ছিল না। অবশেষে দীর্ঘ ৫ বছর পর জুনায়েদ বাবুনগরী গতকাল মঙ্গলবার তার পাসপোর্ট ফেরত পেয়েছেন।

জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট রাজধানীর বারডেম হাসপাতালে পৌঁছে দেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবদিন। হাসপাতালে অবস্থানরত জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শিক্ষক মাওলানা এহসানুল হক ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব পাসপোর্ট নিয়ে হাসপাতালে পৌঁছান। এর আগে গতকাল সকাল ১০ টার দিকে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবকে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার জন্য ফোন করেন। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার পর বাবুনগরী গ্রেফতার হন। তার পাসপোর্টও নিয়ে নেয়া হয়।