পৃথিবীর কোনো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না :কবিতা খানম

বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

কবিতা খানম বলেন, পৃথিবীর কোনো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না, আমাদের দেশেও হবে না। তবে আমরা বলতে চাই, একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। যেটা প্রশ্নের ঊর্ধ্বে থাকবে। আমরা জনগণকে এমন কোনো নির্বাচন উপহার দিতে চাই না, যেন জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে। এই হাওয়া যেন কোনোভাবেই বৈরী না হয়, এই নির্দেশনা কমিশন থেকে থাকবে। আপনাদের সেটা প্রতিপালন করতে হবে। কমিশন চায় না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক।

কবিতা খানম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা অনেক কঠিন কাজ। সবার সঙ্গে সদাচরণ করে, সত্ ব্যবহার করে নির্বাচন সুষ্ঠু করতে হবে। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, এটা সবার দায়িত্ব। এ ক্ষেত্রে সবার সহযোগিতাও প্রত্যাশা করেন কবিতা খানম।

এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, সবার জীবনে এই সুযোগ নাও আসতে পারে। ইসি সচিব বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচন হবে, এটা ফিক্সড। নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে। তাই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

দেশের অনেক জায়গায় এখনও ব্যানার-পোস্টার নামানো হয়নি উল্লেখ করে হেলালুদ্দীন আহমদ রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, ১৮ নভেম্বরের মধ্যে এগুলো নামিয়ে ফেলতে হবে এবং মনোনয়নপ্রাপ্তরা যেন ব্যানার-পোস্টার লাগানোর সুযোগ না পান সে দিকে নজর রাখবেন।