গাজীপুর থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে

গাজীপুরের রাজেন্দ্রপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার মহাসড়কের পাশ থেকে উদ্ধার হওয়া মস্তকবিহীন লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের নাম শহিদুল ইসলাম (৩০)। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার তালাব এলাকার ওয়াহাব আলী মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ইন্টারন্যাল ডেপুটি ম্যানেজার ছিলেন। গতকাল শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা বাদি হয়ে শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় মামলা করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, মাথা বিচ্ছিন্ন অজ্ঞাত লাশের পাশেই একটি হেলমেট, একটি ব্যাগ ও কিছু কাগজপত্র পড়ে ছিল। পরে ব্যাগে থাকা কাগজপত্র দেখে রাতে পরিচয় উদ্ধার করে পুলিশ স্বজনদের খবর দেয়।

স্ত্রী শামীমা জানান, শহিদুল মোটর সাইকেলে করে বাড়ি থেকে ঢাকায় অফিস করতেন। প্রতিদিন রাত সাড়ে ৭টার মধ্যে বাসায় ফিরতেন। বৃহস্পতিবার ওই সময় না ফেরায় তিনি রাত ৯টার দিকে স্বামীকে ফোন করেন। ওই সময় শহিদুল তাকে জানিয়েছি রাত ১২টার মধ্যে ফিরবে। পরে বহুবার ফোন দিয়েও শহিদুলের ফোন বন্ধ পান। শুক্রবার পুলিশের কাছ থেকে স্বামীর মৃত্যুর খবর পান। দুর্বৃত্তরা তাকে খুন করে মোটারসাইকেলটি ছিনতাই করে নিয়ে গেছে ধারণা তার। এ ঘটনায় তিনি বাদি হয়ে অজ্ঞাতদের নামে মামলা করেছেন।