পুলিশকে বটি দিয়ে কোপালেন আসামির মা

নওগাঁর আত্রাইয়ে নারী নির্যাতন মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে গিয়ে স্বজনের হামলায় আহত হয়েছেন দুই পুলিশ। আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আসামিসহ চারজনকে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মদনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, ওয়ারেন্ট ভুক্ত আসামি সোহেল রানা (২৫), তার মা সূর্যভান (৪৫), বোন নাজমা খাতুন (২০) ও পাখি (১৮)।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই উপজেলা নারী ও শিশু নির্যাতন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপজেলার মদনডাঙ্গা গ্রামের সোহেল রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বুধবার সকালে আসামি গ্রেপ্তারের জন্য পুলিশ কনস্টেবল আজিজুল হককে সঙ্গে নিয়ে মদনডাঙ্গা গ্রামে যান এএসআই মনির উদ্দিন। এ সময় নিজ বাড়ি থেকে সোহেলকে আটক করা হয়। গ্রেপ্তারের ঘটনায় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশ বাধা দিলে সোহেলের মা বটি দিয়ে এএসআই মনির উদ্দিনের উপর হামলা করেন। তাকে উদ্ধারে এগিয়ে আসা কনস্টেবল আজিজুল হক আহত হন। এ সময় চিৎকার করলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।

আরো পড়ুন: পিপিএম পদক পেলেন মানিকগঞ্জের ৩ পুলিশ কর্মকর্তা​

হামলায় মনির উদ্দিনের ডান বাহুসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন বলেন, ‘পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা প্রদান করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’

ইত্তেফাক/অনি