মামলা না তোলায় বাদীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন!

রাজশাহীর পবায় শিশু নির্যাতন মামলার বাদীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চৌবাড়িয়া গ্রামের ইমরান আলীর বাড়িতে দুর্বৃত্তের দেওয়া আগুনে ৫টি ছাগল, ২৫টি হাঁস ও মুরগি পুড়ে মারা গেছে বলে অভিযোগ করেছে অগ্নিদগ্ধ হওয়া বাড়ির মালিক ইমরান। তাকে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

ইমরান আলী জানান, ‘২০১৫ সালে তার শিশু পুত্র জাহিদ হাসানকে চুরির অপবাদ দিয়ে একই এলাকার রাকিব, নাসির, ফজলুসহ কয়েকজন নির্যাতন করেন। পরে ইমরান নিজে বাদি হয়ে ১৩ জনকে আসামি করে পবা থানায় একটি শিশু নির্যাতন মামলা দায়ের করেন যা বর্তমানে আদালতে বিচারাধীন। মামলাটি তুলে নিতে আসামীরা তাকে দীর্ঘদিন থেকে চাপসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছিলো।’

আরো পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের নতুন সময় নির্ধারণ

ইমরান অভিযোগ করে বলেন, ‘ওই মামলা তুলে না নেওয়ায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে আসামিরা আমার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পরিবারকে হত্যার চেষ্টা করে। তবে আমরা প্রাণে বাঁচলেও পুড়ে গেছে বাড়ির ছাগল ও হাঁস-মুরগি। ঘটনাটি পবা থানা পুলিশকে জানানো হয়েছে।’

পবা থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ি মালিক ইমরান আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ইত্তেফাক/অনি