বগুড়ার সারিয়াকান্দিতে নাইম হোসেন (২০) নামে এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে সারিয়াকান্দি বাজারের দক্ষিণ পূর্বপাশে একটি বাড়ির গোয়ালঘরের পাশ থেকে পুলিশ নাইম নামে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সারিয়াকান্দি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন্ত শ্রাবন বিশু ও নাইমের তিনবন্ধুসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। নাইম গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মড়িয়া গ্রামের ইনতেজার সোনারের ছেলে। তিনি বগুড়ার বিট পলিটেকনিক ইনস্টিটিউটের টেকনিক্যাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র।
নাইমের মা নাজমা বেগম জানান, বৃহস্পতিবার সকালে নাস্তা করার সময় নাইমের মোবাইলে তার বন্ধুদের ফোন আসে। নাস্তা শেষ না করেই সে অ্যাপাছি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। নাইম রাতে বাড়ি না ফেরায় তার মোবাইলে যোগাযোগ করা হয়। সকালে বাড়ি আসব বলে নাইমের মোবাইল থেকে একটি এসএমএস আসে তার মায়ের মোবাইল ফোনে। পরে তোর ছেলেকে যদি পেতে চাস তাহলে সোনামুখি আয় বলে আরো একটি এসএমএস আসে তার মায়ের মোবাইল ফোনে। তারপর থেকে নাইমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নাইমের খোঁজ পেতে তার মা তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। গভীর রাতে নাইমের তিন বন্ধু নাইমের মায়ের সঙ্গে দেখা করে বলেন, আপনার ছেলে সারিয়াকান্দিতে আছে। সকালে বাড়ি ফিরবে। গতকাল সকালে উদ্ধার হওয়া গলাকাটা ও আগুনে পোড়া লাশ দেখে নাইমের মা ছেলেকে সনাক্ত করেন। নাইমের ওই তিন বন্ধু এ হত্যার সঙ্গে জড়িত আছে বলে পুলিশকে জানান তার মা।