নিখোঁজের দুই দিন পর মোটরসাইকেল চালকের মাটিচাপা লাশ উদ্ধার

নেত্রকোনায় নিখোঁজের দুই দিন পর রেজাউল করিম রাজীব (২২) নামের এক মোটরসাইকেল চালকের মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার সুয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামের সেখ ইসলামের ফিশারীর একটি পুকুর থেকে হাত মুখ বাঁধা ও সিমেন্টের পাথরে চাপা দেওয়া অবস্থায় পড়ে থাকা লাশটি উদ্ধার করে মোহনগঞ্জ থানা পুলিশ।

রেজাউল করিম রাজীব মোহনগঞ্জ পৌরসভার দেওথান এলাকার বাচ্চু মিয়ার ছেলে। ভাড়ায় মোটরসাইকেল চালাতেন তিনি।

জানা গেছে, গত বুধবার রাতে মোহনগঞ্জ থেকে মোটরসাইকেলে যাত্রী নিয়ে যাওয়ার পর থেকে রাজিব নিখোঁজ হন।

 

মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, নিহত রাজিবের মোটরসাইকেলটি ভাটিয়া গ্রামের আবুল কালাম মেম্বারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনার আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ইত্তেফাক/কেকে