গোদাগাড়ীতে ট্রাক চাপায় নিহত ২,আহত ১৪

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। শনিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে একটি ট্রাক সড়কে ধানের হাটে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি সাগর পাড়া মহল্লার ইয়াইয়া ছেলে ইসরাইল হক (৪৫) এবং একই এলাকার আতাউর রহমানের ছেলে মো. রনি (২০)। ইসরাইল হাটে ধান নিয়ে গিয়েছিলেন। আর রনি তার ভ্যানে কৃষকের ধান নিয়ে গিয়েছিলেন। দুজনই ঘটনাস্থলে মারা যান। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটিতে করে বৈদ্যুতিক খাম্বা এবং মাটি কাটা স্কেভেটর যন্ত্র বহন করা হয়। গোদাগাড়ীর জৈটাবটতলা এলাকা থেকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন যানবাহনকে ধাক্কা দিতে দিতে আসছিল। এভাবে প্রায় ১০ কিলোমিটার আসার পর ট্রাকটি ধানের হাটে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে দুইজন নিহত এবং ১৩-১৪ জন আহত হন। পরে ট্রাকটি একটি পাম্পে গিয়ে থামে। 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি বলেন, আহতদের গোদাগাড়ী ৩১ শয্যা বিশেষায়িত হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হবে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালকও আটক আছেন। তাঁর বিরুদ্ধে মামলা হবে।

ইত্তেফাক/জেডএইচডি