যশোরে বাল্যবিয়ের দায়ে কাজীর জেল, সাতজনের জরিমানা

বাল্যবিয়ে দেয়ার দায়ে যশোরে কাজীকে ছয়মাসের জেল এবং ছেলে ও মেয়ের বাবাসহ সাতজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক তাদের অর্থদণ্ড দেন।

১৪ নভেম্বর গভীররাতে যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়া এলাকার সেলিম সরদারের ছেলে সাব্বির হোসেনের (২৩) সঙ্গে গোপালগঞ্জ জেলা সদরের মানিহার এলাকার মিন্টু গাজীর মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে হয়। বৌভাত অনুষ্ঠান চলাকালে ভ্রাম্যমাণ আদালত বিকেলে সেলিম সরদারের বাড়িতে হানা দেয়। এরপর যৌতুক নিরোধ আইনে বিয়ের কাজী সীতারামপুর জামে মসজিদের ইমাম মো. কামাল হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে ছেলের বাবাকে ১০ হাজার, ছেলে ও মেয়ের বাবাকে ৫ হাজার টাকা করে, ছেলের বড় বোনকে এক হাজার, বিয়ের সাক্ষী রাজুকে ৫শ টাকা, মেয়ের মা ও আইনজীবীকে ২শ টাকা জরিমানা করেন।

কনের বাবার বাড়ি গোপালগঞ্জে হলেও যশোরে তার ফুফু জাহানারা বেগমের বাড়িতে থেকে পড়াশুনা করত।

ইত্তেফাক/আরকেজি