২০তম ভারত রঙ্গ মহোত্সব-এ ‘ম্যাকবেথ’

 দিল্লিতে মঞ্চায়ন হতে যাচ্ছে ‘ম্যাকবেথ’। ভারতের ন্যাশনাল স্কুুল অব ড্রামা আয়োজিত ২০তম ভারত রঙ্গ মহোত্সব ২০১৯-এ ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় নয়াদিল্লির শ্রীরাম কেন্দ্র এবং ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় ঝাড়খণ্ডের রাচিতে মঞ্চস্থ হবে ম্যাকবেথ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্ম্যান্স স্টাডিজ বিভাগের নতুন প্রযোজনা ম্যাকবেথ নাটকটি ঢাকার দর্শকেরা প্রথম দেখতে পান গতবছরের ৯ অক্টোবর নাটমণ্ডলে। গতবছরের ১৩ অক্টোবর পর্যন্ত টানা ৮টি প্রদর্শনী হয় ম্যাকবেথের। উইলিয়াম শেক্সপিয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত মহাকাব্যিক এ নাটকটি নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ড. ইসরাফিল শাহীন।

নাটকটিতে অভিনয় করেছেন এমএ শেষ সেমিস্টারের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছেন অনার্স দ্বিতীয় সেমিস্টার, ৪র্থ সেমিস্টার ও ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরাও। কয়েক মাস বিরতির পর গত ২৮ জানুয়ারি থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় নাটমণ্ডল মিলনায়তনে মঞ্চস্থ হচ্ছে নাটকটি। আজ এর শেষ দিন। এছাড়া আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ম্যাকবেথ। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ। আরো থাকবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।

নতুন করে ঢাকায় মঞ্চায়ন ও ভারতের আন্তর্জাতিক নাট্যোত্সবে অংশগ্রহণ উপলক্ষে বর্তমানে নাটমণ্ডলে চলছে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরামহীন মহড়া।