আমির খানের সময়টা খারাপ গেছে গতবছরের শেষটায়। ‘থাগস অব হিন্দুস্থান’ বক্স অফিসে মুখ থুবরে পড়ে। আর এ নিয়ে আমির দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন। আর এখন তো সব ভুলে নিজের প্রোডাকশনে তৈরি ‘রু বরু’ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন আমির। সঙ্গে স্ত্রী কিরণ খানও রয়েছেন। ঠিক এরইমাঝে নিজের ছেলে জুনাইদকে বলিউডে নিয়ে আসার কথা শোনালেন আমির।
তিনি বলেন, ‘আমার ছেলে জুনাইদই সঠিক অর্থে আমির খান হয়ে উঠতে পারে। তবে আমার মনে হয়, বলিউডে যদি আমার জীবনী নিয়ে ছবি তৈরি হয় তাহলে আমার বায়োপিকে জুনাইদই ভালো অভিনয় করবে।’ সম্প্রতি মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে আমির খানের ছেলে জুনাইদের বলিউডে পা রাখা নিয়ে প্রশ্ন উঠতেই আমির খান বলেন, ‘জুনাইদ মোটামুটি তৈরি। তবে আমার ছেলেকে বলিউডে নিয়ে আসার জন্য কোনোরকম চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়নি। এমনকি তেমন কোনো প্ল্যানও নেই। তবে আমি জুনাইদকে বলেছি, ক্যামেরার সমানে নিজেকে তুলে ধরার জন্য আরো নিজেকে তৈরি করতে। সঙ্গে এটাও বলেছি হিরো নয়, বরং ভালো অভিনেতা হওয়ার চেষ্টা করতে।’