বাণিজ্য মেলায় প্রযুক্তি পণ্যের সমাহার

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাত্ ৯ জানুয়ারি ঢাকায় শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্য মেলাতে যেসকল প্যাভিলিয়ন বসেছে তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে প্রযুক্তি পণ্যের প্যাভিলিয়নগুলোতে। প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ নিয়ে বিভিন্ন প্রকার প্রযুক্তি পণ্য যাচাই-বাছাই করতে দেখা গিয়েছে। অন্য বছরগুলোর মতো এবারেও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাজিয়েছে তাদের প্যাভিলিয়ন। বিগত বছরের তুলনায় এবার যেন তাদের প্রস্তুতি একটু অন্যরকম। প্রত্যেকটি প্রতিষ্ঠানই তাদের পণ্যের মান ও দাম নতুন করে নির্ধারণ করেছে। কয়েকটি প্যাভিলিয়নের কার্যক্রম সম্পর্কে বাণিজ্য মেলা ঘুরে এসে বিস্তারিত লিখেছেন মাহবুব শরীফ

ওয়ালটন

যে সময় নিয়ে বাণিজ্যমেলার আয়োজন ইতোমধ্যে তার অর্ধেকের বেশি পার হয়ে গেছে। জমেও উঠেছে এই মেলা। প্রযুক্তি পণ্য বিক্রেতারা দৃষ্টিনন্দন উপস্থাপন, মূল্যছাড় এবং উপহারের মাধ্যমে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে। মেলায় আসা ক্রেতারা বিভিন্ন  প্যাভিলিয়নে খুঁজছে তাদের পছন্দের পণ্যটি। আবার কেউ কেউ খুঁজছে কোন পণ্যের সঙ্গে কি উপহার বা ছাড় রয়েছে। ক্রেতাদের এমন চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন কোম্পানি তাদের পণ্যে বিশেষ ছাড় ও বিভিন্ন উপহারের অফার রেখেছে।

ওয়ালটন প্যাভিলিয়নের  একজন বিক্রয় কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, বাণিজ্যমেলাকে উদ্দেশ করে ওয়ালটন যে অফার দিয়েছে তা বাণিজ্য মেলার উদ্দেশ্যেই দিয়েছে। ওয়ালটন ১৭ বছর যাবত্ বাণিজ্য মেলাতে প্যাভিলিয়ন নিয়ে আসছে। এ পর্যন্ত ওয়ালটনের অফার সংক্রান্ত কোনো দুর্নাম নেই। ফ্রিজ, এসি, এলইডি টেলিভিশনসহ অন্যান্য হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস নিয়ে সাজানো হয়েছে ওয়ালটনের প্যাভিলিয়ন।  কোম্পানিটি  বিভিন্ন পণ্যের ওপর এক লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার দিচ্ছে। ওয়ালটনের টিভি, মনিটর, রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার কিনলেই এ সুযোগ পাবেন ক্রেতারা। এ ছাড়াও বিভিন্ন মডেলের মোবাইল সেট কিনেও ক্রেতারা পাবেন ১০০ শতাংশ পর্যন্ত মূল্য ফেরত সুবিধা।  টিভি, ফ্রিজ, এসিসহ ১০ হাজার টাকার ওপরের দামের পণ্য কিস্তিতে কেনার সুবিধাও থাকছে এ মেলায়।  

 

যমুনা ইলেকট্রনিক্স

অন্য প্যাভিলিয়নগুলোর মতো যমুনা ইলেকট্রনিক্সও সাজিয়েছে তাদের প্যাভিলিয়ন। এলইডি টিভি, ৪কে টিভি, মাইক্রোওভেন, ইলেকট্রিক ওভেন, ফ্রিজ, ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলী ও জুসার সবার দৃষ্টি আকর্ষণ করছে। কথা হয় প্যাভিলিয়নের বিক্রয় কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন পণ্যে চলছে বিভিন্ন লেভেলের ছাড়। বিশেষ করে স্মার্ট টিভিতে একটু বেশি ছাড় চলছে। এসি ও টিভিতে এই ছাড়ের পাশাপাশি থাকছে ক্যাশ ভাউচার, গিফট ভাউচার এবং আরও  বিভিন্ন উপহার। গত বছরের তুলনায় এ বছর ব্যবসা অনেক ভালো হচ্ছে। মেলার সময় যদি কয়েক দিন বাড়িয়ে দেয় তা হলে একটু ভালো হতো বলে জানান ওই বিক্রয় কর্মী। মেলায় যমুনা ইলেকট্রনিক্স এর প্যাভিলিয়নে চলছে যে কোনো পণ্যে ২২ শতাংশ পর্যন্ত ছাড়। তাদের প্যাভিলিয়নে রয়েছে ২০, ২২, ২৪, ৩২, ৪২ ও ৫৫ ইঞ্চির এইচডি, ফুল এইচডি, স্মার্ট ও ৪কে আলট্রা টিভি। প্রতিষ্ঠানটি মাত্র ১২ হাজার টাকায়ও বিক্রি করছে এলইডি টিভি। টিভি কিনলে থাকছে এক হাজার টাকার ক্যাশ ভাউচার ও ২০০ টাকার গিফট ভাউচার। প্যাভিলিয়নে থাকা বিক্রয় প্রতিনিধিরা আরও জানান, প্রতি ১০ হাজার টাকার কেনাকাটায় এক হাজার টাকা ক্যাশ ভাউচার ও প্রতি হাজারে ১০০ টাকার গিফট ভাউচার দেওয়া হচ্ছে ক্রেতাদের। 

ইস্কোয়ার ইলেকট্রনিক্স

বরাবরের মতো এবারো ইস্কোয়ার ইলেকট্রনিক দেশের বাজারে পরিচয় করিয়ে দিচ্ছে শার্প ও জেনারেলের অত্যাধুনিক সব পণ্যের সঙ্গে। তাদের প্যাভিলিয়নে পাওয়া যাবে এলইডি টিভি ছাড়াও নানা রকম হোম অ্যাপ্লায়েন্স পণ্য। ৩২ থেকে ৬০ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজের টেলিভিশন বিক্রি করছে প্রতিষ্ঠানটি। অন্য সব পণ্যের চেয়ে শার্পের পণ্যের দাম একটু বেশি। প্যাভিলিয়নটির বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শার্পের পণ্য কেনার ক্রেতারা আলাদা। এখানে দাম কোনো ব্যাপার না। পণ্যের কোয়ালিটি, দীর্ঘস্থায়িত্বতাই  আমাদের অর্জন করতে সাহায়তা করছে। আমরা ক্রেতাদের আস্থা অর্জনে সফল হয়েছি। শার্পের পণ্যের দাম একটু বেশি। এর কারণ, এই পণ্য অন্য দশটি পণ্য থেকে আলাদা মান সম্পন্ন। বিক্রয় কর্মীরা আরও জানান, বাণিজ্য মেলা উপলক্ষে তাদের বিভিন্ন পণ্যে ছাড় দেওয়া হয়েছে। ২০০ টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত হচ্ছে এই ছাড়ের পরিধি। এই মেলায় তাদের প্রধান আকর্ষণ সৃষ্টিকারী পণ্য হলো-ফোরকে টিভি। তিন ধরনের ফোরকে টিভি রয়েছে। এ ছাড়াও থ্রিডি ৫০, ৫৫ ও ৬০ ইঞ্চি টিভি পাওয়া যাচ্ছে। দাম  সর্বোচ্চ ৪ লাখ ৮০ হাজার টাকার মধ্যে। ৮টি মডেলের ইনভার্টার ফ্রিজও রয়েছে তাদের।

 

মিনিস্টার

অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রগুলোর মতো মিনিস্টার এর বিক্রয় কেন্দ্রতেও দেখা গিয়েছে দর্শনার্থীদের ভিড়। প্রতিষ্ঠানটি বরাবরের মতো এবারো তাদের বিভিন্ন পণ্যে দিচ্ছে মূল্যছাড়। এ বছর তারা ১৫ শতাংশ ছাড় দিচ্ছে হোম অ্যাপারেন্স পণ্যে। এছাড়াও মেলা থেকে  টিভি ও আর আনুষঙ্গিক ইলেকট্রনিক পণ্য কিনলে থাকছে আরেকটি পণ্য একদম ফ্রি। মিনিস্টার-মাইওয়ান গ্রুপের বিক্রয় কর্মীরা জানান, বাণিজ্য মেলাতে যে অফারগুলো দেওয়া হয়ে থাকে তা শুধু মেলাকে কেন্দ্র করেই দেওয়া হয়। অনেকেই হয়ত মনে করেন যে, কয়েকদিন পর এই অফারে তো শো-রুম থেকেই কিনতে পারব, তাড়াহুড়া করে বাণিজ্য মেলা থেকে কিনে লাভ কি? তাদের উদ্দেশে বলতে চাই , যারা এমন ধারণা নিয়ে আছেন তারা ভুল করছেন কারণ এ অফার আর দেবে না মিনিস্টার। সারা বছর আমরা বাণিজ্য মেলার প্রস্তুতি নিই। আমরাই আমাদের পণ্যে সবচেয়ে বেশি গ্যারান্টি ও ওয়ারেন্টি দিয়ে থাকি। বাণিজ্য  মেলা উপলক্ষে সাধারণ ক্রেতাদের মাঝে একটা উত্সব বিরাজ করে। সেই উত্সবের আনন্দকে আরও বাড়িয়ে দিতেই বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে মিনিষ্টার।

 

সনি-র্যাংগস

এবারের বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে সনি-র্যাংগসও। প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠানের মতো ক্রেতাদের আকৃষ্ট করতে রেখেছে ভিন্ন আয়োজন। মেলায় প্রতিদিন এক ঘণ্টা ‘গোল্ডেন আওয়ার অফার’ ঘোষণা করেছে। প্রতিদিন ঠিক সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত চলে এই বিশেষ অফার। প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মীরা জানান, বাণিজ্য মেলার শেষ দিন ১৪টি মডেলের সনি টিভিতে থাকছে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রয়েছে ‘সনি-র্যাংগস নিউ ইয়ার অ্যান্ড ডিআইটিএফ-২০১৯ ডায়মন্ড প্রমোশন’ অফার। এতে সনির টিভি, ফ্রিজ, এসি, ওভেন কিনলে উপহার হিসেবে থাকছে ডায়মন্ড ওয়ার্ল্ডের উপহার এবং ডিসকাউন্ট ভাউচার। 
 

স্যামসাং

নতুন নতুন পণ্য ও আকর্ষণীয় অফারে সজ্জিত হয়েছে স্যামসাং এর প্যাভিলিয়ন। অন্য প্রতিষ্ঠানগুলো থেকে আলাদা অফার হিসেবে মেলায় তারা রেখেছে ‘উইশফুল নিউ ইয়ার ক্যাম্পেইন ২০১৯’-এর পাশাপাশি বিভিন্ন অফার। প্যাভিলিয়নের বিক্রয় কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মেলায় তারা বিভিন্ন পণ্যে যে ছাড় দিয়েছে তা সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত। সবচেয়ে আকর্ষণীয় অফার হলো-মেলায় টিভিতে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।  স্যামসাং হোম থিয়েটার, ভ্যাকুয়াম ও এয়ার পিউরিফায়ার কিনলে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক।

 

ভিশন

অন্যান্য বছরের মতো এবারো বাণিজ্য মেলায় রয়েছে ভিশন ইলেকট্রনিক্স এর প্যাভিলিয়ন। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন পণ্যের ওপর দিয়েছে ৭ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। তাদের সবচেয়ে বড় চমক হলো-৩ দিন ৪ রাত ঢাকা-থাইল্যান্ড-ঢাকা ও ঢাকা-নেপাল-ঢাকা কাপল ট্যুর প্যাকেজ। ভিশনের বিক্রয় প্রতিনিধি জানান, তাদের প্যাভিলিয়নটি সাজানো হয়েছে চার শতাধিকের বেশি পণ্য দিয়ে। এর মধ্যে মেলা উপলক্ষে ২৫টির মতো পণ্য আনা হয়েছে। সর্বনিম্ন ১০ হাজার টাকার পণ্য কিনলে সারাদেশে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে প্রতিষ্ঠানটি।